আমি প্রত্যহ বদলাই
আমি আমারই যতকটা সংস্করণ রূপে দেখা দেয়া যায়,
দেই।
আমি পাল্টাই
বদলাই
ঘুরে ফিরে আমি আমিই থাকি
আর বেশী হই না আমার থেকে
প্রতিদিন হ্যান্ডশেক করে আমি পরিচিত হই,
আমার সাথে,
নিজের দিকে তাকিয়ে,
চোখে টেনশান নিয়ে হাসি।
আমারে দেইখা লোকগুলি তারা
সন্ধ্যাকালে ঘুম থেকে উঠে গোসল করে যারা -
বাইকে হেলান দিয়ে
সোডিয়ামের বাতির নীচে আফটার শেভ মেখে
দাড়িয়ে থাকেন সেভেন পি এমে
সদলবলে ( আশ্চর্য লোক তারা একাই হন না।)
দশ পনেরো জন মিলে
বিড়ি টেনে হেসে হেসে কহেন,
“ ভাই,
“ আপনে আর সেই আগের লোকটা নহেন
ইয়ে বেলাল্লা জাহান কে সাত দে কে পাল্লা
আপনেও বহত পাল্টায়েছেন মেরে লাল্লা
জানাব আপনে, ঐ আগের লোকটা নাই। “
আমি উদাস হয়ে হেটে চলে যাই
যেমনটা আমি যেয়ে থাকি
যেমনটা দেখে আমাকে চিনে নেয় লোক
বিশ তিরিশ বছর পরেও
অথচ কাছে আইসা কয় যে আমি তো আপনারে চিনতেই পারি নাই।
অ্যালাকায় পাতায় পাতায়
বসন্ত গিয়াছে বহু
আমি বাতাসরে ভেবে নেই প্রেম
এবং আরো প্রেম
জলের গায়ে সূর্যের গেইম
(যারে ঝিলমিল লেখে বইয়ে)
তারা আদিম রহিয়া গিয়াছে, পাল্টায় নাই
অথচ প্রতিদিন যৌবন যৌবন ভাব ধরেছে –
প্রেমের মত।