শনিবার, ৬ জুলাই, ২০১৯

কবিতা ২০১৮ ডিসেম্বর -২০১৯

আমরা 


আমি আর তিনি মিশি
সন্ধ্যাকালে, রিক্সায় রাস্তায়, হাঁটতে হাঁটতে
আমরা শুধু মিশি
মিশে রং হই
আমাদের দিয়া ছবি আঁকে একটা লোক
দুজন মিলে আমরা ছোট্ট একটা জলের ফোঁটা হয়ে
ঝুলে থাকি গ্রীল থেকে
কার বারান্দার জানি  

আমি বিড়ি ধরাই 

আমি বিড়ি ধরাই,
তাই বাতাস ওঠে যমুনায়
জলের অতলে তার বহু আগের রাধা
এতদিনে মাছেরা খেয়ে ফেলেছে
আর সেইসব মাছদের খেয়ে ফেলেছে অন্য মাছরা
তাও তো বাতাসে এদ্দিন পরেও কেমন একটা রাধা-রাধা ঘ্রাণ
আমি বিড়ি ধরায়ে শ্যাম হইসি জেষ্ঠ মাসের ছাদে

বাহিরে উৎসব

বাহিরে উৎসব
চায়ের দোকানের বড়ভাইরা গুলি দেয় রাস্তায়
জংলী জানোয়ারদের বাদ্য়যন্ত্র মাতাল হয় বাজনায়
বোধ শক্তিহীন বরাহেরা অসম্ভব উল্লাসে কাঁপে
তাদের দেখে এই এক পৌষের রাতে বিচলিত
যত নক্ষত্র
আর একই রূপে প্রবল বিচলিত,
আমি - খুব মার খেয়ে পালিয়ে আসা এক লোক
গৃহের ছোট বড় সব জানালা বন্ধ করে
লুকিয়ে কম্বলের নীচে বসে বসে আঙুলে ঈশ্বর গুনি -  
শুনি,
বাহিরে বরাহের উল্লাস
উল্লাস বোধশক্তিহীনের
সমাগত যুদ্ধের ধ্বনি
চায়ের দোকানের বড়ভাইরা
রাস্তায় গুলি দেয় ; 

প্রোটিনের অক্ষরমালা

অযুত নিযুত সহস্র বছর আগে আমি রচিত হই
প্রোটিনের অক্ষরমালায় -
কথা ছিল ফুল হয়ে ফুটব বলে,
পৃথিবীর অনেক দূরের কোন জঙ্গলে -
আর তারপর
ফেরেশতাদের কলহে
সিস্টেম সংসারের চিরন্তন সেই,
গণতান্ত্রিক গোলযোগে ; -
কুড়ি ভেঙে বেরিয়ে আসি আমি
একরাশ হসন্তহীন অন্ধকার 

সাতাশ

ইদানীং সবাই-ই এরকমটা বলতেসেন -
যে অনেকদিন তো হল
অনেক তো হল
দিন তো চলিয়া গেল বহু, আপনার
আমি শুনেও-না-শোনার-ভান-ধরার-ঝামেলাতেও যাই না সেভাবে
ইদানীং -
রাস্তায় বসে থাকি, দেখি রৌদ্রের আসা যাওয়া
রাতের ফাঁকে ফাঁকে দিন হওয়া
আমার সামনে সামনেই শিশুরা জন্মায় বুড়া হয়ে মরে যায়
রেখে যায় নতুন শিশুদের
যেন তারা পৃথিবীর মাটিতে আবারও আপেল আর আনারসের বীজ বুনে দিতে পারে
যেন লক্ষ্য বছরের পুরাতন নক্ষত্রদের নতুন নতুন নাম দিতে পারে
যেন তারা আবার রেখে যায় নতুন শিশুদের
সকালে উঠে দেখি সেদিন আমার আব্বাও অনেক বৃদ্ধ হয়ে গেছেন
তার রূপালী দাড়ি থেকে ঠিকরে ঠিকরে জোসনার মত আলো আসে
উনিও বলতেসিলেন যে আমার তো অনেক দিন হল -
আর আমি শুনতেসিলাম কি শুনতেসিলাম না এইররকম
দেখতেসিলাম বারান্দার এসে পড়া রৌদ্রের দিকে
যার বয়স আমার মনে হল যে কই এক সেকেন্ডও তো বাড়সে বলে মনে হয় না
আর এদিকে আমার যে কখন সাতাশ বছর বলে গেছেগা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

~ বরাহশোদনে - বিস্ট্যালিটি ~

হে ছোট শূকর জেনো তোমায় খেতে মানা, মারতে মানা নেই সেই মহাজাগতিক মের্সেনারি তাই একশো বছর পথ হেটে এসেছে একেলা ডেসপারেট দুপুর রাত্রে পালিয়ে সে ভ...